বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস নানা বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ ও অভিযোগ করেছেন। তিনি বলেন, নৌকার প্রার্থী সকল আচরণবিধি লঙ্ঘণ করেছে। গতকাল রাতেও আমি তাদেরকে মিছিল করতে দেখেছি। আমাদের সাধারণ কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা এখন শঙ্কিত হয়ে পড়েছি, আজকে রাতে তারা আমাদের এজেন্টদেরকে কতটা হুমকির মুখে রাখে।
রোববার (১১ জুন) সকাল ১০টায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলন করে ইকবাল হোসেন তাপস অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে বারবার আমি বলেছি, বরিশাল শহর বহিরাগততে ভরে গিয়েছে। একজন বহিরাগতও সরায়নি পুলিশ। খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, দুটি গোয়েন্দা সংস্থা তারা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নগ্নভাবে ভোট চাইছে। তাদের সঙ্গে রাতে আওয়ামী লীগের বন্ধুরা বিভিন্ন বস্তিতে গিয়ে বস্তি ঘেরাও করে মানুষের প্রবেশ ও বাহির বন্ধ করে ভোটারদের টাকা দিচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের এক ওয়ার্ড সাধারণ সম্পাদকের বাসায় সাদা পোশাকধারীরা গিয়ে হুমকি ধমকি দিয়ে এসেছে। আমাদের এবং ভোটারদের কোন অভিযোগই নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না।
সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী বলেন, আজকের মধ্যে শহর থেকে সকল বহিরাগত যেন সরানো হয়, সেই দাবি করছি সরকারের কাছে। আমি মনে করি সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে চাইছে। কিন্তু স্থানীয় প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মহসিন উল ইসলাম হাবুল উপস্থিত ছিলেন।
