স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবকের পা ভেঙে দিল বখাটেরা

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৬:২৪

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাসির উদ্দিন নামের এক যুবককে পিটিয়ে তার কোমরের হাড় ও দুই পা ভেঙে দিয়েছে স্থানীয় বখাটেরা। রবিবার বিকালে সদর উপজেলার দক্ষিণ মান্দারীর আমিন বাজার রোডের খলিল ভূঁইয়া বাড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত নাসির উদ্দিন স্থানীয় চুনু ব্যাপারী বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ঢাকার একটি ফার্মেসীতে চাকরি করেন। সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে আসে নাসির।

জানা যায়, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কয়েকদিন ধরে দিঘলী ইউনিয়নের দুর্গাপুর এলাকার কামালের ছেলে নিজাম স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে। গত দুই-তিন দিন ধরে বিষয়টি নাসিরের চোখে পড়ে। রবিবার বিকালে স্কুল ছুটি হলে ওই স্কুল ছাত্রী বাড়ি ফিরছিলেন। এ সময় তার পিছু নেয় নিজাম। এতে নাসির বাধা দেয়। এ ঘটনায় নাসিরের উপর ক্ষিপ্ত হয়ে উঠে নিজাম। কিছুক্ষণ পর নিজাম ফোনে তার সহযোগী রিয়াদ, সাইমুন, হৃদয়, শাকিল ও রাকিবসহ কয়েকজনকে ডেকে নিয়ে আসে। এ সময় তারা নাসিরকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল নিলে চিকিৎসক তার দুই পা ও কোমর ভেঙে গেছে বলে জানায়। রে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন:  লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

এদিকে এ ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নাসির মাটিতে পড়ে আছেন, কেউ বলছেন ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তাকে মারধর করেছে বখাটেরা। ভিডিওটিতে আরও দেখা যায়, বহিরাগত হিসেবে দুইজনকে স্থানীয় গ্রামবাসী আটক করে তাদের গালমন্দ করতে করতে পার্শ্ববর্তী একটি দোকানে আটকে রাখে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, 'ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে মারধর করা হয়েছে। এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।'

ইত্তেফাক/জেডএইচডি