ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছেন। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৮০ জন। বর্তমানে সারা দেশে সর্বমোট ৬৫০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১২২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
সোমবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ৩৯০ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৬২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৮২৮ জন হয়েছে। একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ৭১৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী দুই হাজার ১২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৭০২ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যায়। এ ছাড়া ২০২০ সালে মারা যায় ৭ জন, ২০২১ সালে ১০৫ জন মারা যান। ২০১৯ সালে মারা যায় ১৭৯ জন।
