খুলনায় ২৭৪ কেন্দ্রে এগিয়ে নৌকার খালেক

আপডেট : ১২ জুন ২০২৩, ২০:৪৪

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বেসরকারিভাবে ২৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি পেয়েছেন ১,৪৪,৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৫৫,৫২২ ভোট।

সোমবার (১২ জুন) বিকেলে খুলনা শিল্পকলা একাডেমিতে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

কেসিসিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এক কেন্দ্রের ঘোষিত ফলাফলে ভোট দিয়েছেন ৩৩০ জন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর পাশাপাশি ৩১ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন ও ১০ টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯ ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট ২ হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

ইত্তেফাক/এসজেড