পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় বদলে গেছে চারঘাট-বাঘার গ্রামীণ জনপদ

আপডেট : ১২ জুন ২০২৩, ১৯:৫২

রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলায় বর্তমান সরকার আমলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে যোগাযোগ খাতের উন্নয়ন চোখে পড়ার মতো। বিগত চারদলীয় জোট সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থা ছিল একেবারে নাজুক। পিছিয়ে পড়েছিল দুই উপজেলা। 

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিদেশি দাতা সংস্থার মাধ্যমে গত ১৪ বছরে বদলে গেছে দুই উপজেলার দৃশ্যপট । ফলে ভিন্নমাত্রা এসেছে গ্রামীণ জনপদে। বেড়েছে মানুষের জীবনযাত্রার মান ও কর্মসংস্থান ।

স্থানীয়রা জানান, উন্নয়নের হিসেব করতে গেলে বর্তমান সরকারের একটানা ১৪ বছরে রাজশাহী-৬ আসনের চারঘাট উপজেলায় ছয়টি ইউনিয়ন, একটি পৌরসভা এছাড়াও বাঘায় সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা এবং দুই উপজেলা পরিষদের মাধ্যমে অসংখ্য রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ ,ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-কলেজের অত্যাধুনিক ভবন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, ফায়ার স্টেশন স্থাপন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণ, নারী এবং যুবকদের কর্মসংস্থান, চর উন্নয়ন, জল মটারের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা, শতভাগ বিদ্যুতায়ন, কৃষি-শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন, নদী ড্রেজিং এর পাশাপাশি ব্লক নির্মাণ, বানেশ্বর থেকে ঈশরদী পর্যন্ত ডাবল লেনের রাস্তা এবং মন্ত্রীর নিজস্ব অর্থায়নে মা ও শিশু হাসপাতাল নির্মাণ, বাঘায় দু’টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ভবন নির্মাণের জন্য জমি ক্রয়-সহ অসংখ্য অবকাঠামো উন্নয়ন সাধিত হয়েছে। 

এ ছাড়াও সম্প্রতি রাজশাহীর চারঘাট ও বাঘা পৌরসভাকে ইউজিপি-৪ প্রকল্পের আওতায় সম্পৃক্ত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের একান্ত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী এ প্রকল্পের অনুমোদন করেছেন। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩০ কোটি টাকা। 

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, বর্তমান সরকার আমলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এতে কোনো সন্দেহ নেই । এদিক থেকে রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রচেষ্টায় উন্নয়ন হয়েছে যা চোখে পড়ার মতো। বিশেষ করে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। মন্ত্রীর প্রচেষ্টায় গত কয়েক বছর ধরে বাঘার আম, পেয়ারা ও বরই বিদেশে রপ্তানি হচ্ছে। 

চারঘাট পৌর মেয়র একরামুল হক বলেন, বর্তমান সরকার আমলে দেশি-বিদেশি অর্থায়নে পৌর এলাকায় ব্যপক উন্নয়ন হচ্ছে। সর্বশেষ টএচ-৪ নামে যে প্রকল্প পাওয়া গেছে তার মাধ্যমে পৌর এলাকায় নানামুখী উন্নয়ন প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলবো। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেন, বাঘা-চারঘাট মানুষের চাহিদা বিবেচনা করে এলাকায় উন্নয়ন করার চেষ্টা করেছি। জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক সহযোগিতায় শুধু বাঘা-চারঘাট নয়, বৃহত্তর রাজশাহীতেও ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে যদি আমরা সরকার গঠন করতে পারি তবে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ।

ইত্তেফাক/এবি/পিও