রাজশাহীর কোরবানির হাট কাঁপাবে ১৮ মণ ওজনের ‘কালো রাজা’

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৯:৪০

কোরবানির ঈদে বিশাল আকৃতির ষাঁড় ‘কালো রাজার‘ দিকে ক্রেতাদের নজর পড়েছে। চার বছর ধরে ষাঁড়টি লালন-পালন করছেন রাজশাহী পবা উপজেলার কিসমত কুখন্ডি এলাকার খামারি মুকুল হোসেন। 

জানা যায়, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লম্বায় ৬ ফুট, উচ্চতায় ৪ ফুট। প্রায় ১৮ মণ ওজনের ‘কালো রাজার‘ দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। কালো রাজাকে দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন। ইতিমধ্যে কয়েকজন ষাঁড়টির দরদাম করেছেন। ন্যায্যমূল্যে পেলে ষাঁড়টি বিক্রি করে দেবেন মালিক মুকুল হোসেন।

‘কালো রাজার মালিক মুকুল হোসেন বলেন, ‘এই ষাঁড় চার বছর ধরে লালন-পালন করছি। ওজন প্রায় ১৮ মণ। আর কালো রাজার দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। ষাঁড়টি ন্যায্যমূল্যে পেলে কষ্ট করে হাটে না গিয়ে বাড়ি থেকে বিক্রি করে দেবেন। ষাঁড়টি মোটাতাজাকরণে কোনো ওষুধ, ইনজেকশন কিছুই ব্যবহার করা হয়নি। প্রাকৃতিক উপায়েই তাকে বড় করা হয়েছে। দিনে দু’বার গোসল করানো হয় কালো রাজাকে। সার্বক্ষণিক চলে ফ্যান। কালো রাজার খাদ্য তালিকায় প্রত্যেক দিন থাকে সবুজ ঘাস, খড়, ভুট্টা ভাঙা, বিভিন্ন ভুসি, সরিষার খৈল, ধানের কুড়া, পাকা বিভিন্ন ফল ও লবণ ইত্যাদি খাবার খাওয়ানো হয় ষাঁড়টিকে।

পবা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার বলেন, এখন পর্যন্ত উপজেলায় ১০ থেকে ১৪ মণ ওজনের কিছু বিশাল আকৃতির ষাঁড় আছে। যদি কালো রাজা ১৮ মণ ওজনের হয় তাহলে পবা উপজেলায় সবচেয়ে বড় আকৃতির ষাঁড় হবে। চাহিদা অনুযায়ী পশুর ব্যবস্থা রয়েছে। আশা করি, এ বছর খামারিরা  ভালো দাম পাবেন।

ইত্তেফাক/এবি/পিও