বাঘা সীমান্তে বাড়ছে মাদকের আনাগোনা, প্রশাসনে উদ্বেগ

আপডেট : ১৪ জুন ২০২৩, ০১:৫৭

রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের মাসিক সভায় মাদক মজুতের তথ্য দিলেন ইউপি চেয়ারম্যান। সোমবার (১২ জুন) সকালে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও নাশকতা প্রতিরোধ নিয়ে মাসিক সভায় এ তথ্য দেন মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তার এ কথা শুনে উদ্বেগ প্রকাশ করেন সভার অন্যান্য সদস্যরা। 

জানা যায়, সভায় মাদক সেবন ও বিক্রি, হাটে অতিরিক্ত টোল আদায়, গণহারে যেকোনো বিষয় নিয়ে মাইকিং, বাল্যবিয়ে প্রতিরোধ, দ্রব্যমূল্যের বাজার মনিটরিং, যানজট নিরসন, ইমো-বিকাশ হ্যাকিং, উন্নয়ন কাজে অনিয়ম এবং মাদক উদ্ধারে বাঘার দু’টি সীমান্তরক্ষী বিজিবি ক্যাম্পের অসন্তোষজনক কার্যক্রম ও দলিল লেখকদের অনিয়ম-দুর্নীতি নিয়ে আলোচনা হয়। তবে সীমান্তরক্ষী বিজিবি ক্যাম্প কর্তৃক আসামি গ্রেপ্তারে ব্যর্থতা এবং ইউপি চেয়ারম্যান কর্তৃক কোরবানীর ঈদকে সামনে রেখে মাদক মজুতের বক্তব্য শুনে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। 

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এবার কোরবানীর ঈদকে সামনে রেখে বাঘা সীমান্ত এলাকায় মজুত হচ্ছে মাদক। ঈদের সময় পাখির ন্যায় ঝাঁকে-ঝাঁকে আসছে সেবনকারীরা। 

সভায় বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, আজকের সভায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে। পর্যায়ক্রমে সবগুলো দেখভাল করা হবে। পুলিশসহ উপস্থিত সকলের সহযোগিতায় এগুলো মোকাবিলা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহাম্মেদ, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরজা ও সাইফুল ইসলাম, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, রহমতুল্লা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম মাহামুদুল হাসান ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ আরও অনেকে।

ইত্তেফাক/এবি/পিও