জনটা ক্লাব অব ঢাকা ফোরের ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৯:৪৪

গত ১৪ জুন স্থানীয় একটি হোটেলে জনটা ক্লাব অব ঢাকা ফোরের ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ ও গণ্যমান্য অতিথি উপস্থিত ছিলেন। এই ক্লাবটি জনটা ইন্টারন্যাশনালের একটি অঙ্গ সংগঠন যারা গত ২৫ বছর যাবত নারী উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে চলেছে। মোমবাতির প্রজ্বলন ও জনটা শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ক্লাব প্রেসিডেন্ট নওশি শাহরুখ তাঁর বক্তব্যে জনটা ক্লাবের সকল কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বিশেষভাবে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে সকলকে অনুরোধ করেন। তিনি বলেন, শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বীতাই পারে একজন নারীকে স্বনির্ভর করতে এবং নারী নির্যাতন প্রতিরোধ করতে। লিবাস ফ্যাশন হাউস ও টুটুলি রহমানের পরিচালনায় একটি মনোজ্ঞ ফ্যাশন শো ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।