সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলায় বিটিএফ এর নিন্দা

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৭:৫৫

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)।

বিটিএফ এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি ও মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, কারো সাথে কারো মতের পার্থক্য থাকতেই পারে তাই বলে কোন পীর-মাশাইখ, আলেম-উলামা কারো উপর এ ধরণের হামলা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না ।

নেতৃবৃন্দ হামলার সাথে যে বা যারা জড়িত তাদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরণের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

উল্লেখ্য, সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে হামলায় আহত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী ফয়জুল করিম। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে এ বিষয়ে পুলিশ কমিশনার কার্যালয়ে অভিযোগ জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি