মেঘনায় তিন ট্রলার ডুবির ঘটনার নিখোঁজ ২০ জেলে উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০২৩, ১০:০৯

ভোলার মনপুরায় তিন ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২০ জেলেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণে চরনিজাম সংলগ্ন ভাসানচর থেকে তাদের উদ্ধার করা হয়।

ডুবে যাওয়া ট্রলার তিনটি হলো মনপুরার নান্নু মাঝির ট্রলার এফবি আয়শা ও দুলাল মাঝির ট্রলার। অপরটি নোয়াখালীর সূর্বণচরের নয়ন মাঝির ট্রলার এফবি মায়ের দোয়া। এর মধ্যে নান্নু মাঝির ট্রলারে থাকা ৯ জেলে ও দুলাল মাঝির ট্রলারে থাকা ১১ জেলে নিখোঁজ হওয়ার ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন দুলাল মাঝির ট্রলারের রসিদ মাঝি, আলমগীর, জাকের হাং, চাঁন মিয়া, বিলব চন্দ্র দাস, লোকমান, শরিফ, দুলাল মোল্লা, রাজিব, শাকিব।

নান্নু মাঝির ট্রলারের ৯ জেলে হলেন রায়হান, সোহাগ, বসু, আজগর আলী, দেলোয়ার হোসেন, আরিফুল হক, আরব আলী ও কিরন মাঝি। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে।

সুবর্ণচরের এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেরা হলেন হোসেন আহম্মদ, আজগর হোসেন, শাহে আলম, আবুল কালাম, আল-আমিন, বশির, জসিম, মিজান উদ্দিন, রতন, আজগর, নুরে আলম, সিরাজ ও আলী। তাদের সবার বাড়ি নোয়াখালীর সূবর্ণচরে।

মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. হানিফ জানান, জানান, বুধবার সকাল ১০টার দিকে মনপুরার দুটি ও নোয়াখালীর সূবর্ণ চরে একটি ট্রলারসহ মোট তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এঘটনায় ২০ জেলে নিখোঁজ হন।

মনপুরার দুই ট্রলারের আড়তদার এনাম হাওলাদার জানান, প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেঁটে দুই ট্রলার ডুবির ঘটনার খবর পেয়ে ট্রলার নিয়ে চরনিজাম গিয়ে ভাসানচর থেকে নিখোঁজ জেলেদের উদ্ধার করে মনপুরা নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ সকল জেলে উদ্ধার হয়েছে।

ইত্তেফাক/আরএজে