রাজধানীর কাওলা দক্ষিনখানের পূর্ব লামাপাড়া এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার (১৫ জুন) সকালে এ অভিযান শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। জোন-৪/৩ এর আওতাধীন কাওলা দক্ষিণখানের পূর্ব লামাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নকশাবহির্ভূত নির্মাণাধীন বহুতল ৬টি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলা হয় এবং প্রতিটি ভবনের মালিকদের ১ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/৩ এর আওতাধীন কাওলা দক্ষিণখানের পূর্ব লামাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রাজউক থেকে অনুমোদন নেওয়া নকশাবহির্ভূত রয়েছে যে ভবনগুলো, এমন সব ভবনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।
