সুনামগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৫:০০

ছাতকে বজ্রপাতে আমির আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে হাওরে এ ঘটনা ঘটে। আমির আলী নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর ছেলে। বজ্রপাতে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য হাজি সাদিক মিয়া বজ্রপাতে আমির আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, দোয়ারাবাজারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. ইসমাইল হোসেন (৪২) নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লক্ষ্মীপুর  ইউনিয়নের এরুয়াখাই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঠেলাজাল দিয়ে মাছ ধরার জন্য এরুয়াখাই গ্রামের কচুবিলে যায়। মাছ ধরা অবস্থায় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এমএএম