নিরাপত্তা ত্রুটিতে রয়েছে প্রায় কোটি কম্পিউটার। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ডেল কম্পিউটারে নতুন ধরনের নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। কোম্পানিটির অধিকাংশ কম্পিউটার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এ ত্রুটি হ্যাকারদের কম্পিউটারের ফিজিক্যাল মেমোরিতে প্রবেশের সুযোগ করে দিতে পারে বলে জানিয়েছে একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। অবশ্য ডেলের পক্ষ থেকে এরই মধ্যে এ ব্যাপারে ব্যবহারকারীদের সতর্ক করার পাশাপাশি এ সংক্রান্ত হালনাগাদ সরবরাহ করা হয়েছে।
সংবাদ মাধ্যম ফোর্বসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরই ডেল কম্পিউটারের সাপোর্ট অ্যাসিস্ট টুলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ত্রুটি ধরা পড়ল। ত্রুটিটি প্রথম নজরে এনেছে সেফব্রিচ নামে একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, ডেলের বিজনেস কম্পিউটারের ২.০ সংস্করণ এবং হোম পিসির ৩.২.১ ও আগের সংস্করণের সাপোর্ট অ্যাসিস্টে এ নিরাপত্তা ত্রুটি রয়েছে।
নিরাপত্তা ত্রুটিটির ঝুঁকি সম্পর্কে সেফব্রিচ জানিয়েছে, এ ত্রুটির সুযোগে হ্যাকাররা কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। পাশাপাশি কম্পিউটারের ফিজিক্যাল মেমোরির সব পড়তে সক্ষম হবে। সমস্যাটি মূলত সাপোর্ট অ্যাসিস্ট টুলের মধ্যে থার্ড পার্টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পিসি ডক্টরের একটি কম্পোনেন্টের মধ্যে রয়েছে। যেখানে ডেলের প্রায় সব কম্পিউটারের সঙ্গেই এটি প্রি-ইনস্টলড রয়েছে।
সেফব্রিচ সতর্ক করে দিয়ে বলেছে, এই নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা সিস্টেমের মধ্যে কোনো সার্ভিসে ডিএলএল ফাইল প্রবেশ করাতে সক্ষম হবে। এটি পরে সিস্টেম ফাইল হিসেবে কম্পিউটারে রান করবে। তখন হ্যাকার কম্পিউটারের সব ধরনের নিয়ন্ত্রণ অনায়াসেই হস্তগত করতে পারবে। সেফব্রিচ আরো উল্লেখ করেছে, অন্তত ১০ কোটি ডেল কম্পিউটার সাইবার হামলার শিকার হতে পারে।
এদিকে ডেলের পক্ষ থেকে এরই মধ্যে গ্রাহকদের সতর্ক করে দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেম হালনাগাদ করার পরামর্শ দিয়েছে তারা। তবে কম্পিউটারে অটো আপডেট অপশন অ্যানাবল করা থাকলে বিজনেস পিসি ও হোম পিসির সাপোর্ট অ্যাসিস্ট এরই মধ্যে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় হালনাগাদ নিয়ে নেওয়ার কথা বলে জানানো হয়েছে। কোম্পানির নিরাপত্তা পরামর্শ পাতায় হালনাগাদ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত বলাও আছে।
প্রযুক্তিবিষয়ক পত্রিকা টমস গাইডকে ডেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সেফব্রিচ বলেছে, সাপোর্ট অ্যাসিস্টে পিসি ডক্টরের একটি কম্পোনেন্টে নিরাপত্তা ত্রুটি রয়েছে; কিন্তু ডেলের সাপোর্ট অ্যাসিস্ট পিসি ডক্টরের তৈরি করা সফটওয়্যার নয়। অর্থাত্ সাপোর্ট অ্যাসিস্টের ভেতরে থাকা একটি থার্ড পার্টি কম্পোনেন্টে মূল সমস্যাটি রয়েছে।
কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ২৮ মে এ সংক্রান্ত প্যাচ রিলিজ করা হয়েছে। এরই মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের কম্পিউটার এ হালনাগাদ পেয়ে গেছে। হালনাগাদ হয়ে থাকলে আর ভয়ের কারণ নেই। আর অটোমেটিক আপডেট অপশন অ্যানাবল করা থাকলে স্বয়ংক্রিয়ভাবেই হালনাগাদ হয়ে যাওয়ার কথা।
সিস্টেমের সাপোর্ট অ্যাসিস্ট অ্যাপ হালনাগাদ হয়েছে কি না তা যাচাই করার জন্য সব ডেল পিসি ও ল্যাপটপ ব্যবহারকারীকে পরামর্শ দেওয়া হয়েছে। হালনাগাদের পর বিজনেস পিসির ক্ষেত্রে ২.০.১ ও হোম পিসির ক্ষেত্রে ৩.২.২ সংস্করণে থাকবে সাপোর্ট অ্যাসিস্ট।
উল্লেখ্য, ডেলের সাপোর্ট অ্যাসিস্ট টুলের নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরই এ নিয়ে দুইবার এমন ত্রুটি আবিষ্কার হলো। এর আগে মার্চে একই ধরনের ত্রুটির খবর পাওয়া গিয়েছিল। সূত্র : ফোর্বস
