ইবিতে তারুণ্য'র সভাপতি মারুফ, সম্পাদক প্রত্যয়

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রিফাত মাশরাফি প্রত্যয় নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭ জুন) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে তারুণ্য'র '১৪ তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা ২০২৩' অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

তারুণ্যের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ৫ম সভাপতি মেহেদী হাসান সাকিবকে প্রধান করে গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের নেতৃত্বে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দুরন্ত পথিক ও অগ্রপথিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

জানা যায়, নির্বাচনে ২১০ জন ভোটার প্রত্যক্ষভাবে ভোট প্রদান করে ৬২ জন প্রার্থীর মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। দুপুর ৩ টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল পর্যালোচনার পর আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

এর আগে, তারুণ্য'র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারুণ্য'র সভাপতি আশিফা ইসরাত জুঁই এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইলেকট্রিক্যাল এন্ড  ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. আব্দুল গফুর গাজী। 

তারুণ্য'র সদস্য শাহ মোহাম্মদ নাঈম এবং রিয়া বসাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারুণ্যের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান নাদিম, তৃতীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রিপণ, সাবেক সহ-সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইয়ামিন মাসুম। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ। এদিন সুবাসিত সদস্য সংবর্ধনা উপলক্ষে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ৪৯ জন সুবাসিত সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

ইত্তেফাক/এআই