রশিদ-মুজিবকে নিয়ে ওয়ানডে খেলতে আসবে আফগানিস্তান

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৬:০৪

শেষ হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। ইতিহাস গড়ে টেস্ট জিতে নিয়েছে স্বাগতিকরা। টেস্টে দলে ছিলেন না দুই আফগান স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান। আগামী ৫ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন রশিদ ও মুজিব।

আগামী ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের জন্য রোববার (১৮ জুন) ১৯ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জিয়া আকবর, ইজহারুলহক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি।

রশিদ ও মুজিবের সঙ্গে দলে ফিরেছেন মোহাম্মদ নবী। এছাড়াও দলে আছেন সাদা বলের নিয়মিত মুখ দুই আগ্রাসী ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ ও  নাজিবুল্লাহ জাদরান।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদউল্লাহ কামাল, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, জিয়া আকবর, ইজহারুলহক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ।

 

 
  

ইত্তেফাক/জেডএইচ