মাদারীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৮ জুন ২০২৩, ২১:১৭

মাদারীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে সমন্বিত সরকারি অফিস ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। 

এতে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ান এবং রানার্স আপ হয়েছে মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয় দল। 

জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। 

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, পুলিশ সুপার মো. মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা হাওলাদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি শাহজাহান খানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী। 

জেলা দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় এ সময় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া ২৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৫টি বিদ্যালয়ের সততা স্টোরকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষে সেরা বক্তা নির্বাচিত হয় মাদারীপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান।

ইত্তেফাক/পিও