মাদারীপুরে পৃথক হামলায় কিশোরের কবজি বিচ্ছিন্ন, যুবক আহত

আপডেট : ১৯ জুন ২০২৩, ১২:২৬

মাদারীপুরে  পৃথক  হামলায় ১৫ বছর বয়সী এক  কিশোরের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন ও এক যুবক গুরতর আজ হয়ে গেছে।  সদর উপজেলার  ছয়না এলাকায়  রোববার (১৮ জুন) হামলার এ ঘটনাগুলো ঘটে।

আহতরা  হলেন একই এলাকার দুলাল ফকিরের ছেলে  ও পেশায় রাজমিস্ত্রী  সাইফুল ইসলাম ফকির (১৫)  এবং মাদারীপুর শহরের কুকরাইল এলাকার আব্দুল হাকিমের ছেলে বিএম ফয়সাল (২৯)। 

ভুক্তভোগী ও পুলিশ জানায়, সন্ধ্যায়  আহত সাইফুল তার বন্ধুদের সঙ্গে দেখা করে একাই বাড়ি ফিরছিলেন। পথে নতুন জেলখানা এলাকায় তার পথরোধ করে ছয় জনের একদল দুর্বৃত্ত। পরে তাকে পাশের একটি বাগানে নিয়ে চাপাতি দিয়ে হামলা চালায় তারা। এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে ছয়না এলাকায় বিএম ফয়সালকে মুঠোফোনে ডেকে নিয়ে একটি অন্ধকার ঘরে আটকে রেখে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দা সোনিয়া বলেন, সাইফুল ও বিএম ফয়সাল নামের দুজনকে গুরুতর যখম অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। তাদের দুজনের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এদের মধ্যে সাইফুল ইসলাম নামের এক কিশোরের বাম হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, কী কারণে ওই কিশোরের হাত কেটে ফেলেছে কেউ বলতে পারছে না।আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। আমরা ধারণা করছি একই দুর্বৃত্তরা অপর যুবকের ওপর হামলা চালিয়েছে। দুটি ঘটনাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/আরএজে