ভোলায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা ও করণীয়’সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১৯ জুন ২০২৩, ১৪:১১

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’ বিষয়ক এক সেমিনারের আয়োজন করেছে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট। রোববার (১৮ জুন) ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে ভিত্তি তৈরি করে গেছেন, সে পথ ধরেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আরএসি বিভাগের ইন্সট্রাক্টর প্রকৌশলী মো.ইয়াসিন ভূঁইয়া বলেন, বাংলাদেশে আয়তনের তুলনায় জনবহুল এই দেশে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে সুখী সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়া এখন আর স্বপ্ন নয়, বাস্তব।

তিনি বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ তৈরিতে স্মার্ট স্বাস্থসেবা, স্মার্ট ট্রান্সপোর্টেশন,স্মার্টইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট কানেক্টিভিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বোরটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ও সাইবার সিকিউরিটি প্রযুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ, বোরহানউদ্দিন আলিয়া মাদরাসার অধ্যক্ষ এবি আহমেদ উল্যাহ আনছারি, আরএসি বিভাগের চিফ ইন্সট্রাক্টর মুজিব আলম মিঠু, কম্পিউটার বিভাগের চিফ ইন্সট্রাক্টর মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান  মাহফুজা ইয়াসমিন, ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.মিজানুর রহমানসহ উদ্যোক্তা, স্থানীয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

ইত্তেফাক/আরএজে