শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত 

আপডেট : ১৯ জুন ২০২৩, ১৮:১৬

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে উইন্টার ও স্প্রিং সেমিস্টার-২০২৩ এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তিনি বলেন, ‘আজ আমার জন্য একটি বিশেষ দিন। কারণ আমি এই মুহূর্তে দেশের প্রথম যুগোপযোগী ডিজাইন বিশেষায়িত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক (ঢাকা বিশ্ববিদ্যালয়) মোস্তাফিজুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সাফল্যের জন্য কঠোর অনুশীলন জরুরি নয়, প্রয়োজন কেবল নিয়মিত অধ্যবসায় তথা মেধাভিত্তিক সৃজনশীল শিক্ষা। সাহিত্য চর্চা ও খেলাধুলাসহ যার যেদিকে আগ্রহ আছে সেদিকে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে।’ আর এসবের মধ্য দিয়েই শিক্ষার্থীরা নিজের মধ্যে আত্মবিশ্বাস তথা নেতৃত্বগুণ খুঁজে পাবে বলে উল্লেখ করেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এএএম