জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার দ্বিতীয় আসামি ফাহিম ফয়সাল রিফাত (২৩) ঘটনার ৪ দিনেও ধরাছোঁয়ার বাইরে। এদিকে পিস্তল হাতে রিফাতের ছবি ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
রিফাত নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে। সে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়রা জানান, সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের ওপর হামলার সময় সে সরাসরি অংশ নেয়। তখন রিফাত নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করে। ইউপি চেয়ারম্যান বাবার মতো রিফাতও মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, পিস্তল হাতে রিফাতের ছবিটি দেখেছি। গ্রেপ্তারের পর আসল রহস্য বেরিয়ে আসবে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১৪ জুন রাত ১০টার দিকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাটহাটি এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

