পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁও-৩ আসনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হককে মহাজোটের নৌকা প্রতীক বরাদ্দের দাবিতে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের ডাকে পৌর শহরে শনিবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। শহরের সকল দোকানপাট দুপুর পর্যন্ত বন্ধ ছিল। বেলা ১১টার দিকে একই দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে পশ্চিম চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কৃষ্ণ মহন রায় ও শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ। সমাবেশে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
