মাদারীপুরে পরীক্ষা চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে ৪ শিক্ষার্থী আহত

আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:৫৩

মাদারীপুরে পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের সিলিং ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম কলাগাছিয়া এসিনর্থ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা হলো দশম শ্রেণির বাণিজ্য শাখার হিরামনী, মুনা আক্তার, ইরিনা আক্তার ও সাইমা জাহান। 

শিক্ষার্থীরা জানায়, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে আমাদের ওপর সিলিং ফ্যান খুলে পড়ে। এতে চার-পাঁচজন ছাত্রী আহত হয়েছে। তাৎক্ষণিক তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে হীরামনী বেশি অসুস্থ। এতে তার কপালে সেলাই লেগেছে। অন্যরা হাতে ও পিঠে আঘাত পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থী হিরামনীর নানা সামচুল হক মোল্লা বলেন, আমার নাতি খুবই অসুস্থ। তার কপালে আঘাত লেগেছে। একটি স্কুলের ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত হবে, এটা ভাবা যায়?

আহত মুনার বাবা ইদ্রিস মাতুব্বর বলেন, আমার মেয়ে খুবই অসুস্থ। তার হাতে ও মাথায় অনেক আঘাত লেগেছে। আমি এটি মানতে পারছি না। এ ঘটনা শিক্ষকদের গাফিলতি রয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মণ্ডল বলেন, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর তাদের ওপর ফ্যান পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। 

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। 

 

ইত্তেফাক/এবি/পিও