আপত্তির ভিডিও ক্লিপ প্রকাশ ও জনস্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলার তিন নম্বর লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান সাক্ষরিত একপত্রে এ বরখাস্তের আদেশের কথা জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান সাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন তিন নম্বর লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের একটি আপত্তিকর ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা, খুলনার প্রতিবেদন ও অফিসার ইনচার্জ, পাইকগাছা থানার পাঠানো বেতার দেখা যায় যে, কে বা কারা চেয়ারম্যানের একটি আপত্তিকর ভিডিও কল বিচ্ছিন্নভাবে ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া নৈতিকতা ও উক্ত পদের জন্য অবমাননাকর প্রতীয়মান হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী জেলা প্রশাসক, খুলনা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।
চিঠিতে আরও বলা হয়, যেহেতু খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন তিন নম্বর লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু তিন নম্বর লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
উক্ত বরখাস্তের আদেশের কপি খুলনার জেলা প্রশাসক, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার, প্রোগ্রামার স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট বরখাস্তকৃত চেয়ারম্যান এবং অনুলিপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।
পাইকগাছা উপজেলার তিন নম্বর লতা ইউনিয়নের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, বরখাস্তের খবর ফেসবুকে দেখেছি, তবে আমি এখনো কোনো চিঠি পাইনি।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, তিন নম্বর লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজই (মঙ্গলবার) বিকালে তার বরখাস্তের চিঠি হাতে পেয়েছি।
