কন্টেন্ট ক্রিয়েটররা সচেতনতা ছড়াবেন এসডিজি অর্জনে

আপডেট : ২১ জুন ২০২৩, ০১:৪৮

বিশ্বমানবতার সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে জাতিসংঘ প্রণয়ন করেছে বিশেষ এক কর্মপরিকল্পনা; যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি হিসেবে পরিচিত। পৃথিবীতে সাম্য, শান্তি, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, ক্ষুধা ও দারিদ্র্য  দূরীকরণ এবং কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠা করাই এর মূল উদ্দেশ্য। এবার বাংলাদেশে এসডিজি নিয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে যুক্ত হচ্ছেন দেশের জনপ্রিয় ৮ জন কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার। তারা আগামী এক বছর সামাজিক যোগাযোগমাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সচেতনতামূলক প্রচারণা চালাবেন।

তারা হলেন এনায়েত চৌধুরী, মোরশেদ মিশু, মাশরুর ইনান, মাশা ইসলাম, ইফতেখার রাফসান, মাসুদা খান, তাসলিমা হোসেন নদী, হৃদি শেখ ও  ফাতিহা আয়াত।

গত রবিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ঢাকা অফিসে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়েছে।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আর মাত্র সাত বছর বাকি আছে। তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখদের এ কাজে সম্পৃক্ত করার মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করছি। বাংলাদেশের এই কন্টেন্ট ক্রিয়েটররা শিল্প, বিজ্ঞান, সাহিত্য, বিনোদন, খেলাধুলা বা অন্যান্য অনেক বিষয়ে কথা বলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আর জনপ্রিয়তা বিবেচনায়ই তাদের স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচন করেছে ইউএনডিপি।’

 

নি র্বা চি ত  ক ন্টে ন্ট  ক্রি য়ে ট র রা  কে ন  জ ন প্রি য়

এনায়েত চৌধুরী
এনায়েত চৌধুরী বিশ্লেষণধর্মী ভিডিও তৈরি করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটে প্রভাষক হিসেবে কর্মরত হলেও ইউটিউবার হিসেবে তুমুল জনপ্রিয় তিনি।

মাশা ইসলাম
এসডিজি নিয়ে কাজ করতে যাওয়াদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী মাশা ইসলাম। ছোটবেলা থেকে গানের সঙ্গে পথচলা তার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন তিনি। বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় গান গেয়ে মাশা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পরিচিতি পেয়েছেন।

তাসলিমা হোসেন নদী
সৈয়দা তাসলিমা হোসেন নদী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। থিয়েটারকর্মী, ভয়েস আর্টিস্ট, অভিনয়শিল্পী—তার অনেক পরিচয়। তবে ফ্রেশ টিস্যুর বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

মোরশেদ মিশু
মোরশেদ মিশু একাধারে কার্টুনিস্ট, প্রচ্ছদশিল্পী, চিত্রশিল্পী ও গ্রাফিতিশিল্পী। রম্য ম্যাগাজিন ‘উন্মাদ’র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করছেন।

ইফতেখার রাফসান
ইফতেখার রাফসান বেশি পরিচিত ‘রাফসান দ্য ছোটভাই’  নামে। শুরুটা ফুড ব্লগিং দিয়ে করলেও এখন তিনি মডেলিং ও টিভিসিতে নিয়মিত। ভিন্ন ধাঁচের কন্টেন্টের জন্য ব্যাপক  জনপ্রিয়তা রয়েছে তার।

হৃদি শেখ
বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক হৃদি শেখের জন্ম ও বেড়ে ওঠা মস্কোতে। ২০১৭ সালে ভারতের ‘ডান্স প্লাস সিজন থ্রি’ অনুষ্ঠানে অংশগ্রহণের আগে ২০১৫ সালে ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ  জনপ্রিয়তা রয়েছে।

মাশরুর ইনান
ইনান পরিচিত ‘কিটোভাই’ হিসেবে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্ন টিভি নাটকেও তার দেখা মেলে। গাইছেন গানও। এছাড়া কমেডি অভিনয়ের মাধ্যমেও বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিয়ে থাকেন তিনি।

মাসুদা খান
মাসুদা খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ছবি আঁকতে ভালোবাসেন। ছবি আঁকার ভিডিওগুলো শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যা তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা। তার পেজের নাম ‘মাসু আঁকে’। মডেলিংয়েও পটু মাসু। ২০২০ সালে মিস ইউনিভার্সের সেরা ১০-এ ছিলেন তিনি।

ফাতিহা আয়াত
তালিকার সর্বকনিষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর  ১১ বছর বয়সী ফাতিহা আয়াত। যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও পিতৃভূমি বাংলাদেশের প্রতি রয়েছে তার অসীম ভালোবাসা। নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করছে বিভিন্ন বিষয়ের টিউটোরিয়াল।

ইত্তেফাক/এসটিএম