বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণাধীন ভবন ধসে ৯ শ্রমিক আহত

আপডেট : ২২ জুন ২০২৩, ১৫:১৭

যশোর শহরের ধর্মতলা এলাকায় নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্র ভবনের ছাদ ধসে ৯ জন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্র ভবনের ছাদ ধসে পড়েছে। ছবি: ইত্তেফাক

আহত শ্রমিকরা হলেন- ঝিকরগাছার কায়েমকোলা গ্রামের তরিকুল ইসলাম (৪৫), হাফিজুর রহমান (৫০), চৌগাছার খোকন মোল্লা (৩৭), সদরের দত্তপাড়ার মমিনুল (২৭), আকিদুল (৩৫), শিমুল (২৮), মাহিদিয়ার আবদুল হাই (২৮), দিয়াপাড়ার ইলয়াস (৪৫), ও মনিরামপুরের পলাশী গ্রামের ইমান আলী (৫০)।

স্থানীয় বাসিন্দা ও কর্মরত শ্রমিকরা জানান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার আওতায় যশোর বিদ্যুৎ উপকেন্দ্রের জন্য এ ভবনটি তৈরি করা হচ্ছিল। এর নির্মাণকাজ করছে ঢাকার আইডিয়াল ইলেক্ট্রিক্যাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার নির্মাণাধীন ভবনের ছাদের বিম ঢালাইয়ের শেষ পর্যায়ে হঠাৎ ধ্বসে পড়ে। এতে ৯ জন শ্রমিক আহত হন। ছাদের নিচে কেউ আটকে পড়েছে কি না তা বোঝা যাচ্ছে না।

যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার নাহিদ মাহমুদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। কেউ ভেতরে আটকে আছেন কি না তা খুঁজে দেখা হচ্ছে।

ওজোপাডিকো যশোরের তত্বাবধায়ক প্রকৌশলী ইখতিয়ার উদ্দিন বলেন, এটি ওজোপাডিকো ঝিনাইদহের একটি প্রজেক্টের কাজ। ধ্বসে পড়ার খবর তারা পেয়েছেন এবং খোঁজ নিচ্ছেন।

ইত্তেফাক/এসকে