কিশোরগঞ্জের তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিনেও সংস্কার হয়নি

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:১৪

কিশোরগঞ্জের বড় ব্রিজের মোড় হতে বাহাগিলি ইউনিয়ন পরিষদে যাওয়ার এলজিইডির প্রধান সড়কের প্রায় তিন কিলোমিটার দীর্ঘদিন যাবত্ সংস্কার হয়নি। ফলে সড়কটির অনেক স্থানে কার্পেটিং উঠে গেছে এবং সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এ সড়কটি দিয়ে বর্তমানে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল ইসলাম স্বপন বলেন, বড় ব্রিজের কাছ থেকে বাহাগিলি ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি কোনো রকম পরিকল্পনা ছাড়াই নির্মাণ করা হয়েছিল। পাশাপাশি সড়কটিতে বালুর পরিমাণ বেশি থাকায় এবং নদী থেকে বালু ব্যবসায়ীরা মাহিন্দ্র ট্রাক্টরে করে প্রতিদিন শত শত ট্রলি বালু নিয়ে যাওয়ায় ও কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে সড়কটির ১০ থেকে ১৫টি জায়গা ভেঙে গেছে। এতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কয়েকদিন আগে বাহাগিলি ইউনিয়নের ময়দানের পাড় থেকে বালু উত্তোলন করে ঐ সড়ক দিয়ে পরিবহন করার সময় একটি মাহিন্দ্র ট্রাক্টর আটক করি। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছিলাম।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিশোরগঞ্জ উপজেলা কার্যালয়ের প্রকৌশলী এস এম কেরামত আলী নান্নু জানান, ২০০০ সালে এলজিইডির অর্থায়নে প্রথম পর্যায়ে এক হাজার মিটার এবং ২০০৪ সালে দ্বিতীয় পর্যায়ে এক পয়েন্ট ৮৬ মিটার সড়ক পাকাকরণ করা হয়। পরে ২০১৪-১৫ অর্থবছরে ৬৬ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়।

তিনি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে জানার পর সড়কটি সরেজমিনে পরিদর্শন এবং ইস্টিমেট করে সংস্কারের জন্য ৮০ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। আগামী অর্থবছর টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করে সংস্কার কাজ করা হবে।