কুষ্টিয়ার মিরপুরে জিসান নামের প্রথম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ফয়সাল (২৫) নামের অপহরণকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে মিরপুর উপজেলার কাতলামারী বাজার এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা। জিসান কাতলামারী এলাকার আশিকুল ইসলামের ছেলে এবং কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। আটককৃত অপহরণকারী ফয়সালের বাড়ি নারায়ণগঞ্জে।
প্রত্যক্ষদর্শী ফেরো আলী জানান, স্কুল ছুটির পর স্থানীয় চপলের ছেলে বাশার, ফজলুল হকের ছেলে নাসিম ও আশিকুল ইসলামের ছেলে জিসান বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে অপহরণকারী ফয়সাল আইসক্রিম খাওয়ানোর কথা বলে জিসানকে নিয়ে বাসে উঠতে যায়। এসময় নাসিম ও বাশার চিত্কার করলে ছুটে গিয়ে ফয়সালকে আটক করি এবং জিসানকে উদ্ধার করি। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ফয়সালকে আটক করে নিয়ে যায়। মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
