বিদ্যুতের প্রি-প্রেইড মিটার

নানা প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন ওজোপাডিকোর এমডি

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:২০

বিদ্যুতের প্রি-প্রেইড মিটার বন্ধের দাবিতে খুলনায় চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে প্রি-প্রেইড মিটার স্থাপনের বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন। সাংবাদিকদের কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি তিনি। এমনকি তার ব্যক্তিগত অনিয়ম-দুর্নীতির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবও এড়িয়ে যান তিনি।

এক পর্যায়ে নিজে এড়িয়ে গিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত প্রি পেমেন্ট মিটার প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহীদুল ইসলাম ও উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলামকে বলেন। দীর্ঘ দুই ঘণ্টার সংবাদ সম্মেলনে ওজোপাডিকোর এমডি ও এই দুই প্রকৌশলী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে না পেরে এক পর্যায়ে এমডি প্রি-প্রেইড মিটার সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য গ্রাহকদের কাছে ছয় মাস সময় চান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ওজোপাডিকো (বিউবো এর একটি অঙ্গ প্রতিষ্ঠান) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা শহরে এবং ২০টি উপজেলা শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহে কাজ করছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রি-পেইড মিটার সম্পর্কে প্রকাশিত সংবাদের বিষয়ে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত বিদ্যুতের মূল্যহার (ট্যারিফ রেট) ও চার্জ (ডিমান্ড চার্জ, ভ্যাট) মোতাবেক প্রি-পেইড মিটার থেকে টাকা কর্তন করা হয়। যা পূর্বের পোস্ট পেইড/ ডিজিটাল মিটারের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এছাড়া অতিরিক্ত কোনো চার্জ কাটার সুযোগ নেই। স্মার্ট প্রি-পেমেন্ট মিটার শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা রোধ করে গ্রাহকের বিদ্যুত্ ব্যবহার নিরাপদ করে। স্মাট প্রি-পেমেন্ট মিটারিং পদ্ধতিতে ভেন্ডিং স্টেশন এবং মোবাইল ভেন্ডিং এর মাধ্যমে বিল পরিশোধ সহজসাধ্য। যা এনালগ/ ডিজিটাল মিটার পদ্ধতির মিটার রিডিং সংক্রান্ত যাবতীয় ঝামেলা থেকে মুক্ত। ব্যবহারকারী পরিবারের বাজেট অনুযায়ী বিদ্যুত্ ব্যবহারের সুবিধা পাওয়া যায় বা যে কোনো গ্রাহক বিদ্যুত্ ব্যবহারে সাশ্রয়ী হতে পারে। মিটারে ব্যালান্স শেষ হয়ে গেলে তাত্ক্ষণিকভাবে মিটার হতে ১০০ টাকা অগ্রিম ব্যালান্স নেওয়ার ব্যবস্থা থাকায় বিদ্যুত্ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার), সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে (বিকাল ৪টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত) মিটারে ব্যালান্স না থাকলেও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয় না। গ্রাহকগণ নিট বিদ্যুত্ বিলের ওপর ১ শতাংশ হারে রিবেট প্রাপ্ত হচ্ছেন।

খুলনায় প্রি-পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি গঠিত হয়েছে। এ কমিটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে প্রায় ১ মাস ধরে ঐক্যবদ্ধ আন্দোলন করে আসছে।