হেলিকপ্টার নিয়ে গ্রামে এসে মায়ের স্বপ্নপূরণ করলেন দুই ছেলে

আপডেট : ২৩ জুন ২০২৩, ২১:২১

সত্তর বছর বয়সী মা ময়ফুলুন্নেছা। আট ছেলে তিন মেয়ে। সাত ছেলে থাকেন সুদূর আমেরিকায়। এক ছেলে দেশে ব্যবসা করছেন। শুক্রবার (২৩ জুন) বিকালে দুই ছেলে মায়ের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে আসেন। মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার নিয়ে বাড়ির পাশের মাঠে নামবে ছেলেরা। গ্রামের মানুষ কখনো হেলিকপ্টার কীভাবে নামে তা দেখেননি। সেই স্বপ্ন পূরণ করেছেন ছেলে ফারুক হোসেন ও রাহুল। 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের কড়ৈতলী গ্রামের মিয়া বাড়ি উদয়ন সংঘ সংলগ্ন মাঠে বিকালে লাল রঙয়ের একটি হেলিকপ্টার অবতরণ করে। হাজারো গ্রামবাসীর অনুরোধে হেলিকপ্টারটি দুইবার উঠানামা করে উদয়ন সংঘ মাঠে। গ্রামবাসী হেলিকপ্টার দেখে বেজায় খুশি।

স্থানীয়রা জানান, জীবনে কখনো হেলিকপ্টার এতো কাছ থেকে দেখিনি। প্রচণ্ড বাতাসে যেন ভূমিকম্প। অন্যরকম অনুভূতি পেয়েছি।

আমেরিকা প্রবাসী ফারুক হোসেন বলেন, ২০১০ সালে আমেরিকায় পাড়ি দিয়েছি। চার বছর পর গ্রামে এসেছি। এর আগেও একবার এসেছি। তবে এবার গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেছে। তাই ভালো লাগলো। ছোট ভাই দেশে আসার পর মা বলেছিলো, ‘তোরা, গ্রামে বিমান নিয়ে যদি আসতি, আমার কাছে ভালো লাগতো।’ মায়ের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।

আমেরিকার প্রবাসী রাহুল জানান, তাদের পরিবারের পক্ষ থেকে সবসময় গ্রামের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করা হয়।

 

ইত্তেফাক/এবি/পিও