টাঙ্গাইলের সখীপুরে ৩২ মামলার পলাতক আসামি রফিকুল ইসলাম সিকদার ওরফে সাইফুলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকালে ঢাকার মানিকদী এলাকা থেকে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেনের নির্দেশে এসআই শামসুল হক ও আইয়ুব খানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। এদিকে রফিকের ভাগ্নে চেক জালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলামকেও পুলিশ ঐ দিন গ্রেফতার করে। সে কচুয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩২টি মামলার পলাতক আসামি রফিক সিকদার ও তার ভাগ্নে এক বছরের সাজাপ্রাপ্ত জাহিদুল ইসলামকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এদিকে সখীপুর থানা পুলিশ চারজন গ্রেফতারি পরোয়ানা ও পাঁচজন সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আসামিকে রবিবার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে সোমবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।
