কাউখালীতে কৃষকদের মাঝে সার, বীজ ও নারিকেল চারা বিতরণ

আপডেট : ২৪ জুন ২০২৩, ২১:৫৬

পিরোজপুরের কাউখালীতে আমন ধান আবাদ বৃদ্ধি ও বসতবাড়িতে নারকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন বীজ ও সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
 
শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু কৃষকদের হাতে প্রণোদনার মালামাল তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায় সহশতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
  
প্রণোদনা কর্মসূচিতে ৫০০ জন কৃষকের প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 

এ ছাড়া একই কর্মসূচির আওতায় ৫’শ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে মোট ২ হাজার ৫’শ টি উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।

অতিথিরা কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে প্রদত্ত প্রণোদনার সুযোগকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাওয়ার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।

ইত্তেফাক/পিও