বাউফলে পুলিশের পিস্তল ছিনতাই

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:২৮

পটুয়াখালীর বাউফলে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ থামাতে গেলে ১০ রাউন্ড গুলিসহ পুলিশের পিস্তল ছিনতাই হয়। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটার তিন ঘণ্টা পর ১২টার দিকে ছিনতাইকারীর বাড়ি থেকে গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়। এদিকে সংঘর্ষে তিন পুলিশসহ ১৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ আটজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামের হাকিম হাওলাদার গংয়ের সঙ্গে একই বাড়ির কামাল হোসেন গংয়ের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন বিরোধীয় জমিতে কামাল হোসেন গং লোকজন নিয়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে যায়। হাকিম হাওলাদার গং এতে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে বাউফল থানার এসআই মাঈনুদ্দিনের নেতৃত্বে তিনজন পুলিশ ঘটনাস্থলে গেলে কামাল হোসেনের পক্ষের লোকজন পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং ফিরোজ হাওলাদার নামে এক সন্ত্রাসী এসআই মাঈনুদ্দিনের কোমর থেকে ১০ রাউন্ড গুলিসহ পিস্তল ছিনিয়ে নিয়ে যায়। পরে ওসি খন্দোকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় এবং স্থানীয় লোকজনদের সহায়তায় ফিরোজের বাড়ির একটি নারিকেল গাছ থেকে ওই পিস্তল উদ্ধার করেন।

বাউফল থানার ওসি খন্দোকার মোস্তাফিজুর রহমান পুলিশের কাছ থেকে গুলিসহ পিস্তল ছিনতাই ও উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনজন পুলিশ সদস্য আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করেছে।