বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজিব আহম্মেদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকি সংক্রান্ত একটি চিঠি সোমবার বরিশালের স্থানীয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকা অফিসে সম্পাদক বরাবরে পাঠানো হয়েছে। বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ বলেন, সোমবার সরকারি ডাকযোগে একটি চিঠি আসে। যাতে প্রাপক করা হয়েছে আমাকে (সম্পাদককে) এবং প্রেরক হিসেবে আনিছুর রহমানের নাম রয়েছে। প্রেরকের ঠিকানা উল্লেখ করা হয়েছে জজ কোর্ট বরিশাল। চিঠিতে উল্লেখ করা হয়, ঝালকাঠির দুইজন জজের মতো বরিশালের এডিএম রাজিব আহম্মেদের মৃত্যু হবে। আটজনকে চিঠির অনুলিপি দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইন সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, বরিশালের জেলা প্রশাসক এবং কাজী নাসির উদ্দিন বাবুলের নাম লেখা রয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহম্মেদ ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, এ রকমের কোনো বিষয় তাদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
