নড়াইলে গ্রাহকের সাড়ে ৩১ কোটিরও অধিক টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মানি লন্ডারিং মামলায় চলন্তিকা যুব সোসাইটির চার কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার এবং সোমবার নড়াইলের কালিয়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের নিকট আসামিরা নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। এদিকে, এ মামলার এজাহার নামীয় আসামি চলন্তিকার নির্বাহী কমিটির সদস্য মো. মনিরুজ্জমান এবং অসিত দাসকে গ্রেফতার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলায় এ পর্যন্ত ১৬ জন আসামির মধ্যে মোট আটজন গ্রেফতার হয়েছে।
ঢাকা সিআইডির অর্গানাইজড ক্রাইম স্কোয়াডের সদস্য মামলার আইও এসআই অনুপ কুমার দাস জানান, রবিবার বিকেলে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও তিন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড শেষ হয়েছে। তাদের স্বীকারোক্তিতে বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে চলন্তিকার নির্বাহী কমিটির সদস্য মো. মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ ছাড়া আদালত সোমবার এ মামলার প্রধান আসামি এনজিওটির চেয়ারম্যান মো. খবিরুজ্জামান ও নির্বাহী পরিচালক মো. সরোয়ার হুসাইনের তিন দিনের এবং দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদককে আরো দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।
