শ্রীলঙ্কা নয় বাংলাদেশ ইউরোপ-জাপান-চীন হবে: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০২৩, ১৫:৫০

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শ্রীলংকা নয় বাংলাদেশ ইউরোপ-জাপান-চীন হবে।

তিনি বলেন, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, হওয়ার সম্ভাবনা নেই। কোনো ভয় নেই। বাংলাদেশ এখন ইউরোপ, জাপান, চীন হবে। গত এক বছর ধরে কিছু লোক মানুষকে নানাভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। উস্কানি দিয়ে লাভ হবে না।

রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় মন্ত্রীর আব্দুল মজিদ কলেজ অডিটরিয়ামে হতদরিদ্রের মাঝে আর্থিক অনুদান বিতরণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

আন্তর্জাতিকভাবে দেশ একঘরে হয়ে গেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির এমন মন্তব্যের প্রতিবাদে পরিকল্পনামন্ত্রী বলেন, এক ব্যক্তির কথায় দেশ একঘরে হয়ে যায় না। জাতিসংঘও জানে না বাংলাদেশ একঘরে হয়ে গেছে। রিজভী কিভাবে জানলো? আমরা এখন বিশ্ব সমাজে আছি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এর আগেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে আমাদের দল কাউকে বাঁধা দেবে না। কোনো বিশৃঙ্খলা করবে না। তবে যদি কেউ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা, মারামারি কিংবা অগ্নিকাণ্ড করতে চায় তাদের প্রতিহত করা হবে। এলাকার মানুষও তাদের প্রতিহত করবে।

বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যা অনেক কমে গেছে। আগের মতো লোডশেডিং নেই। ১০ লাখ টন কয়লা বন্দরে আসছে। বন্দরে কয়লার জাহাজে ভীড় লেগে গেছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিএনপি একটি ঘরেও বিদ্যুৎ দিতে পারেনি। তাই তারা বিভ্রান্তি ছড়ায়।

পেয়াজের দামবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। আমরা সেটা কমিয়ে দিয়েছি। এখন কেউ যদি দ্রব্যমূল্যের দাম বাড়াতে যায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে পণ্য আমদানী করে কম দামে বাজারে বিক্রি করবো।

ইত্তেফাক/আরএজে