অতিরিক্ত খাজনা আদায়: নওগাঁয় পশুর হাটের সেই ইজারাদারকে জরিমানা

আপডেট : ২৬ জুন ২০২৩, ১৬:০১

‘নওগাঁয় পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়’ শিরোনামে জাতীয় দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইজারাদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ জুন) বিকালে উপজেলার ছাতড়া পশুর হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ বলেন, কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে এমন অভিযোগে আমরা অভিযানে নেমেছি। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন পত্র-পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সরকার নির্ধারিত মূল্য অনুসারে প্রতিটি গরু, মহিষ ও ঘোড়ার ৫০০ টাকা এবং ছাগল ও ভেড়ার ২০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

পশুর হাটে এর চেয়ে বেশি টোল আদায় করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশুর হাটে অভিযান শুরু হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করতে দেওয়া হবে না। 

ইত্তেফাক/এবি/পিও