বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়। সোমবার (২৬ জুন) সকালে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসস্ট্যান্ড থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, ফেনী জেলার সোনাগাজী উত্তর চরচান্দিয়া এলাকার বাসিন্দা শান্তনু বাবুর ছেলে ও লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক সাগর বাবু (২৬) এবং একই এলাকার ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২১)।
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় লাশবাহী ফ্রিজিং গাড়িটিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালালে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়।
তিনি আরও বলেন, লাশবাহী ফ্রিজিং গাড়িটিতে কোনো লাশ ছিল না। গাড়িতে দু’টি প্যাকেটে ৫ কেজি করে মোট ১০ গাঁজা নিয়ে ফেনী থেকে বরিশালের দিকে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা করা হয়েছে।
