ট্রাকের ধাক্কায় ভারতের জনপ্রিয় ‘ইউটিউবার’ নিহত

আপডেট : ২৭ জুন ২০২৩, ১৯:০৮

ভারতের জনপ্রিয় ইউটিউবার দেবরাজ প্যাটেল মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে রায়পুরের লাভান্দিহের কাছে একটি ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।

টাইমস অফ ইন্ডিয়া সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, রায়পুরে একটি ভিডিওর শুটিং করতে যাচ্ছিলেন দেবরাজ। লাভান্দিহের কাছে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদনে বলা হয়, ‘দিল সে বুরা লাগতা হ্যায়’ সংলাপের জন্য ভাইরাল হয়েছিলেন ২১ বছর বয়সী এই অভিনেতা। তিনি মহাসমন্দ জেলায় বসবাস করতেন। তিনি রায়পুরে বিবিএ বিভাগে অধ্যয়নরত ছিলেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ সিং দেবরাজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি দেবরাজের একটি পুরানো ভিডিও টুইট করে লিখেছেন, 'দিল সে বুরা লাগতা হ্যায়' ভিডিওটির মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন দেবরাজ। সে আমাদের সবার মুখে নিঃস্বার্থ ভাবে হাসি ফুটিয়ে গেছে। সেই দেবরাজ আজ আমাদের ছেড়ে চলে গেল। তার এই মৃত্যু সত্যিই দুর্ভাগ্যজনক। ভগবান তাঁর পরিবারকে এই কঠিন সময়ে লড়াই করার মত শক্তি দিন।'

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাক/এসসি