যেমন কাটলো বশেমুরবিপ্রবি'র বিদেশি শিক্ষার্থীদের ঈদ

আপডেট : ৩০ জুন ২০২৩, ১৭:০০

ঈদুল আজহার ছুটি কাটাতে ক্যাম্পাস ছেড়েছেন প্রায় সব শিক্ষার্থী। নিজের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কতই না আয়োজন। কিন্তু মায়ের কোলে ফেরা হয়নি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিভিন্ন বিভাগের প্রায় ৯০ জন বিদেশি শিক্ষার্থীদের।

বশেমুরবিপ্রবি'তে পড়তে আসা এসব শিক্ষার্থীরা ঈদুল আজহায় হলেই অবস্থান করছেন। ঈদ কাটাচ্ছেন সেখানেই। 

নেপাল থেকে আসা অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থী সাফিউল্লাহ সামানী বলেন, 'নিজের পরিবার ও নেপাল ছেড়ে এবার বাংলাদেশে ঈদ উদযাপন, এটা অবশ্যই নিজের কাছে খারাপ লাগার বিষয়। তারপরও এবার প্রথম বাংলাদেশে ঈদ পালন করছি, খুব কাছ থেকে নিজের চোখে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি দেখেছি,  কিছুটা রোমাঞ্চিত আমি।' 

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেপালি শিক্ষার্থী আফজাল হোসাইন বলেন, 'পরিবারের সাথেই কাটে ঈদ। তবে এবার ক্যাম্পাসে ঈদ করতে বাধ্য হচ্ছি। পাশ করে তবেই বাড়ি ফিরব।' 

ফার্মেসী বিভাগের নেপালি শিক্ষার্থী ইজাজুল সাফি বলেন, 'গত ঈদে নেপালে গিয়েছিলাম। এই ঈদে যাওয়া হয়নি, সামনে পরীক্ষা জন্য প্রস্তুতি নিচ্ছি।' 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সোমালি শিক্ষার্থী আবশির বলেন, 'কত দিন মায়ের মুখ দেখি না। আশা খুব দ্রুতই আমি আমার মায়ের কাছে ফিরব, ইনশাআল্লাহ।' 

বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে থাকেন বিদেশি শিক্ষার্থীরা। শেখ রাসেল হলের প্রভোস্ট মো. এমদাদুল হক জানান, 'শেখ রাসেল হলে মোট ১১৩ জন বিদেশি শিক্ষার্থী থাকেন। বর্তমানে প্রায় ৯০ জন বিদেশি শিক্ষার্থী হলে অবস্থান করছেন। ঈদে হলে অবস্থানরত দেশি ও বিদেশি সকল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাসির মাংস, পোলাও এবং কোল্ড ড্রিংকসের আয়োজন করা হয়।' 

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের পি.এস মো. আলমগীর হোসেন বলেন, 'এবারের ঈদে ৫ টি ছাগল কোরবানি করা হয়েছে এবং হলে অবস্থানরত সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।' 

ইত্তেফাক/এআই