রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন

সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ, প্রচার প্রচারণা শুরু

আপডেট : ২৫ জুন ২০১৯, ০০:১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। গত ১৭ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়। গতকাল সোমবার বেশ কয়েকজন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম ইমন, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে পনির হোসেন, আতাউর রহমান ওরফে চান মিয়া, আবু নাঈম ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে মিনারা বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন।

তফসিল ঘোষণার পর কাঞ্চন পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল বাশার বাদশা, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র মজিবুর রহমান, আমিরুল ইসলাম ইমনসহ সম্ভাব্য প্রার্থীরা  পৌরসভার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকসহ  বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থীরাও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার প্রচারণা চালাচ্ছে।

বর্তমান মেয়র আবুল বাশার বাদশা বলেন, আমি যদি জনগণের জন্য কাজ করে থাকি তাহলে আমাকে জনগণ ভোট দিবে। পৌরবাসীর উন্নয়নে ও সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রেখেছি।

মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা সম্ভাব্য মেয়র প্রার্থী আমিরুল ইসলাম ইমন বলেন, মেয়র নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভাকে উন্নয়নের রোল মডেল করব। এ পৌরসভা থেকে মাদক নির্মূল, আধুনিকায়ন, রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব। 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে মিনারা বেগম বলেন, আমি জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই। এলাকাবাসীর সেবা করাই হবে আমার লক্ষ্য। বিশেষ করে নারী উন্নয়নে সকল প্রকার কার্যক্রম করে যাব।

উল্লেখ্য, কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৬৭৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৮৫ জন আর মহিলা ভোটার ১৭ হাজার ৫০০।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান জানান, কাঞ্চন পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ৩০ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।