দিনাজপুরের কাহারোলে ঢেপা নদীতে গোসল করতে নেমে তলিয়ে গেছে দুই কিশোর। রোববার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কান্তনগর ব্রিজের পাশে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের সন্ধান পায়নি।
নিখোঁজ দুই কিশোর হলো বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর গ্রামের হাফেজ ইব্রাহীম (১৫) ও কাহারোল উপজেলার দীপনগর গ্রামের মিম (১৬)।
জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কান্তনগর ব্রিজের পাশে ঢেপা নদীতে নিখোঁজ দুই কিশোরসহ ছয়জন গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে ইব্রাহীম ও মিম তলিয়ে যায়। অন্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও প্রবল স্রোতের কারণে কেউ নদীতে নামতে সাহস পায়নি। খবর পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাদের সন্ধান পায়নি।
কাহারোল থানার ওসি মো. ফারুকুল ইসলাম বলেন, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার তৎপরতা চালানো হবে।
