নাটোরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২ জুলাই) বিকালে শহরের গুনারীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নাটোর সদর উপজেলার গুনারীগ্রাম গ্রামের গেদনা মিয়ার ছেলে শুকুর আলী (৩৩) এবং তার ছেলে আমির হামজা শুভ (১৪)।
জানা যায়, রোববার বিকালে অটোরিকশা চালক শুকুর আলী বাড়ি ফিরে চার্জ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। ছেলে শুভ দেখতে পেয়ে বাবাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এ সময় মেইন সুইচ অফ করে পরিবারের সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
