পাঁচ দিনেও সরেনি পুরান ঢাকার মাজেদ সরদার রোডের পানি, ভোগান্তি

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৭:৩২

ঈদের দিনের বৃষ্টির পানি এখনো সরেনি পুরান ঢাকার মাজেদ সরদার রোড থেকে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এই এলাকার মানুষ। দ্রুত পানি নিষ্কাশনে কোনো কার্যকরী পদক্ষেপ নেই বলেও জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন কোমরসমান পানি ছিল, এখনো হাঁটুসমান পানি রয়েছে। সড়কে পানি জমে থাকার কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। ছোটখাটো কাজে বাসা থেকে বের হলেও রিকশায় করে চলাচল করতে হচ্ছে। এই সড়কে কিছু কিছু স্থানে গর্তও রয়েছে। এজন্য তাদের বেশ ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।

মাজেদ সরদার রোডের বাসিন্দা মাহতাব উদ্দিন বলেন, এখন বর্ষা মৌসুমে দুই-এক দিন পরপরই বৃষ্টি হচ্ছে। এমন অবস্থায় এতদিনের পানি এখনো সরেনি। প্রায় পাঁচ দিন ধরে জলাবদ্ধতা লেগে আছে। নোংরা পানির কারণে প্রয়োজনেও বাসা থেকে বের হওয়া সম্ভব হয় না। অথচ সিটি করপোরেশনের তেমন কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।

শামীম হোসেন নামে আরেক বাসিন্দা জানান, ঈদের দিন তো আমরা নামাজেও যেতে পারিনি কোমরসমান পানির জন্য। এখনো সেই পানি সড়কে রয়ে গেছে। এই নোংরা পানির কারণে মানুষ মসজিদেও পবিত্র অবস্থায় যেতে পারছেন না। পানি না সরার কারণে পুরো এলাকার মানুষ বেশ বিড়ম্বনায় রয়েছে।

খাইরুজ্জামান নামে একজন জানান, এখন যে কালো পানি দেখতে পাচ্ছেন, এই পানি মাড়িয়ে চলাচল করলে পায়ের মধ্যে চুলকানি হচ্ছে। দুর্গন্ধও ছড়িয়ে পড়ছে চারদিকে পানির কারণে। বৃষ্টির পানির সঙ্গে চারদিকের ময়লা পানিও এখন যোগ হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। ছোট ছোট বাচ্চাদের নিয়ে বেশ ঝামেলায় আছি। তাদের নিয়ে বাসা থেকেও বের হওয়া যাচ্ছে না এমন পানির জন্য। শুধু মাজেদ সরদার রোড নয়, কাজী আলাউদ্দিন রোডসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেই দীর্ঘদিন পানি জমে থাকার ঘটনা ঘটছে। এতে বাসিন্দারা বেশ ভোগান্তিতে দিন পার করছেন।

এসব এলাকার বাসিন্দাদের দাবি পুরান ঢাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের দূরত্ব এক কিলোমিটারের চেয়েও কম। অথচ এই এলাকার জলাবদ্ধতা নিরসনে সংস্থাটির কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। নাগরিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্টদের দাবি, পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে তারা একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় পুরান ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। এ কাজ শেষ হলে স্থায়ীভাবে এসব এলাকা থেকে জলাবদ্ধতা দূর হবে।

ইত্তেফাক/ইআ