সিটি ব্যাংকের ১০% ক্যাশ এবং ২% স্টক ডিভিডেন্ড লভ্যাংশ অনুমোদন

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২১:৩৩

বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ এবং ২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছে সিটি ব্যাংকের শেয়ারহোল্ডাররা। ভার্চুয়াল ফ্ল্যাটফর্মে বেসরকারি ব্যাংকটির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয় বলে মঙ্গলবার ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার জানান, ২০২২ সালে সিটি ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৪৭৮ কোটি ১৩ লাখ টাকা। গত তিন বছরে ব্যাংকের গড় ব্যালেন্স শিট ৯ শতাংশ বেড়েছে এবং ২০২২ সালে এ বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে ছিল অনেক বেশি।

“কোভিড-১৯ মহামারী ও ইউরোপের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতেও বিচক্ষণ পরিকল্পনা প্রণয়ন করায় সিটি ব্যাংকের ২০২২ সালে ঋণ বেড়ে ২৩ দশমিক ৬ শতাংশ হয়েছে; যা একটি স্থিতিশীল এবং আরও ভিজিলেন্ট রিস্ক রিটার্ন স্ট্রাকচার গড়ে তোলার লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ।”

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উপস্থাপনের পর তা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরেন। ব্যাংকটির সার্বিক কার্যক্রমে অগ্রগতির সাপেক্ষে মূলধন পর্যাপ্ততার বিষয়ে জোর দেন তিনি।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক তাবাসসুম কায়সার, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ ও রেবেকা ব্রুসন্যান, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান ছাড়াও শেয়ারহোল্ডাররা ভার্চুয়াল এ সাধারণ সভায় অংশ নেন।

.