যুবলীগ নেতার বিরুদ্ধে ইউএনওর গাড়িচালককে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২১:১৮

নাটোরের নলডাঙ্গায় আহসান হাবিব নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আহসান হাবিব উপজেলার পূর্ব মাধনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং উপজেলা যুবলীগের উপ-কমিটির সাংগঠনিক সম্পাদক।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনজন দেশীয় অস্ত্র নিয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক মো. রুবেলকে  তাড়া করছে। এ সময় রুবেল দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। পরে গাড়িচালক রুবেলকে ধরতে না পারায় অস্ত্র হাতে ইউএনও অফিস থেকে বেড়িয়ে যায় অভিযুক্ত যুবলীগ নেতা ও তার সহযোগী।

জানা যায়, ভুক্তভোগী রুবেলের বড় ভাই খোকন রেন্ট-এ কারের ব্যবসা করেন। স্থানীয় যুবলীগ নেতা আহসান হাবিব ঈদের আগে তার ভাইয়ের প্রাইভেটকারটি ভাড়া নিয়ে ৫ দিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন। কিন্তু ভাড়া না দিয়ে টালবাহানা করতে থাকেন অভিযুক্ত আহসান হাবিব। এ নিয়ে রুবেলের ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয় হাবিবের। এ সময় ভাড়া পরিশোধের কথা বললে আহসান হাবিব ছোট ভাই রুবেলকে দেখে নেওয়ার হুমকি দেয়।

এরই জেরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএনও অফিসে এসে রুবেলকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে যুবলীগ নেতা হাবিব। এ সময় ধারালো অস্ত্র বের করে রুবেলকে মারতে গেলে আত্মরক্ষা করতে দৌড়ে ইউএনও অফিসে ঢুকে পড়েন।

নলডাঙ্গা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন নকুল বলেন, উপজেলা যুবলীগের কমিটিতে আহসান হাবিবের কোনো পদ-পদবি ও সদস্য পদও নেই। তবে কমিটি গঠনের সময় একটি উপ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে তাকে সাংগঠনিক পদ দেওয়া হয়েছিল। কিন্তু ওই কমিটির কোনো অনুমোদন ছিল না।

এ বিষয়ে যুবলীগ নেতা আহসান হাবিবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার বলেন, প্রাথমিকভাবে জেনেছি গাড়িচালক রুবেলের ভাইয়ের সঙ্গে যুবলীগ নেতা আহসান হাবিবের বিরোধ রয়েছে। প্রাইভেটকারের ভাড়া নিয়ে মূলত তাদের মধ্যে দ্বন্দ্ব। ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে তারা রুবেলের ওপর হামলার চেষ্টা করে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. আকবর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী রুবেল বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এবি/পিও