বগুড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে সদর উপজেলার ছাতিয়ানতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে বগুড়া শহর থেকে সারিয়াকান্দি যাচ্ছিল অটোরিকশাটি। পথে ছাতিয়ানতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও বৃদ্ধ নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় সিএনজিচালক ও আরেক যাত্রীকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
