কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসা-আরএসওর মধ্যে গোলাগুলিতে ৫ জন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (৭ জুলাই) রাতে উপজেলার বালুখালী রোহিঙ্গা ৮ পশ্চিম ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন বালুখালী রোহিঙ্গা ৮ পশ্চিম ক্যাম্পের আব্দুল হাকিমের ছেলে ফোরকান (২৩), খাইরুল বশরের ছেলে জুবায়ের (২৯), মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪), ৯ নম্বর ক্যাম্পের মোস্তাক আহমেদের ছেলে এনাম উল্লাহ (২৩), একই রোহিঙ্গা ক্যাম্পের শাকের উল্লাহর ছেলে এবাদত উল্লাহ (২৫), ১০ নম্বর ক্যাম্পের বাসিন্দা শাকের-এর ছেলে আরিফ উল্লাহ (৩০)।
৮-এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় তদন্ত চলমান। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এখনো নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি।
উল্লেখ্য, এর আগে শুক্রবার ভোরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসওর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। এ সময় ৫ রোহিঙ্গা নিহত হয়। রাতে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।
