ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) দুপুর থেকে সন্ধ্যায় উপজেলার তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এ ঘটনায় আহত সাত জনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
তারা হলো লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০), খাদিজা (১০) ও হামিদা (২৪)। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আহতদের স্বজনরা জানান, উপজেলার খাড়াসার গ্রামে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড়িয়ে তারুয়া ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুসহ অন্তত ২০ জনকে কামড়িয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুর কামড়ানোর বিষয়টি জানতে পেরেছি। তবে কুকুরটি পালিয়ে যাওয়ায় ধরা যায়নি।
