নারী ক্রিকেট বলেই মাঠের এমন করুণ চিত্র!

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:১৭

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নিশ্চিতভাবেই ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়ামগুলোর একটি। আধুনিক সব সুযোগসুবিধাই সেখানে বিদ্ধমান। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের নারী ক্রিকেটারদের, দেশসেরা এই স্টেডিয়ামে তারা খেলার সুযোগই পান না! প্রতিপক্ষ ভারত বলেই কি না অবশেষে দীর্ঘ ১২ বছর পর মিরপুরের ক্রিকেট বাগিচায় ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা! প্রায় একযুগ পর গতকাল শের-ই-বাংলায় ভারতের মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেললেন বাংলাদেশের মেয়েরা।

কিন্তু নামেই শুধু শের-ই-বাংলায় খেললেন জ্যোতি-হারমানপ্রীতরা। কার্যত শেরে বাংলা স্টেডিয়ামের চাকচিক্যময় জৌলুস গতকাল বাংলাদেশ-ভারতের মেয়েদের ম্যাচে ছিল না। আন্তর্জাতিক ম্যাচ, বিপিএলে তো বটেই; এমনকি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ হলেও মাঠের বাউন্ডারি সীমানার চারপাশটা বিজ্ঞাপনী বোর্ডে ঘেরা থাকে। কিন্তু বাংলাদেশ-ভারতের নারী দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠের কোথাও বিজ্ঞাপনী হোর্ডিং বোর্ড ছিল না। চলেনি ইলেকট্রনিক স্কোরবোর্ড। চলেনি জায়ান্ট স্ক্রিনও।

গ্যালারি ছিল ধুধু মরুভূমি। দর্শক বলতে কিছু সাংবাদিক আর বিসিবির কর্তারা! অথচ দর্শকদের জন্য মাঠ ছিল উন্মুক্ত, সুযোগ ছিল বিনা পয়সায় গ্যালারিতে বসে খেলা দেখার। কিন্তু দর্শকরা আসেননি!  আন্তর্জাতিক ম্যাচ চলাকালে শের-ই বাংলার এমন করুণ অবস্থার কথা মনেই পড়ে না। এমনকি খেলাটি কোনো টিভি চ্যানেলে সম্প্রচারও করা হয়নি। শুধু বিসিবির ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়েছে!

এমনিতে মিরপুরে মেয়েদের ম্যাচ রাখা হয় না। এবার ভারত এসেছে বলেই হয়তো মিরপুরে খেলার সৌভাগ্য হয়েছে জ্যোতি-নাহিদাদের। সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। সবগুলো ম্যাচের ভেন্যুই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম।

দর্শক না আসাটা একদিক থেকে ভালোই হয়েছে জ্যোতিদের। তারা যে কাল ভারতের মেয়েদের কাছে পাত্তাই পাননি। হারমানপ্রীতের ভারত সহজেই ম্যাচটা ৭ উইকেটে জিতে এগিয়ে গেছে সিরিজে। বিনাপয়সায় খেলা দেখার সুযোগ সত্ত্বেও কেন দর্শকরা মাঠে আসেননি, তা নিয়ে হতাশাই প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘মেয়েদের ক্রিকেটে অনেক দেশেই (দর্শক) হয়। কিন্তু আমাদের দেশে এটা নেই। দর্শক টানার মতো পরিস্থিতিতে নাই।’ সত্যিকার অর্থেই মেয়েদের ক্রিকেট নিয়ে বাংলাদেশি দর্শকদের আগ্রহটা কম। তবে মিরপুরে নিয়ম খেলা দেখা কয়েকজন ক্রিকেটপ্রেমীদের দাবি, প্রচারের অভাবেই বাংলাদেশ-ভারতের মেয়েদের ম্যাচে দর্শক হয়নি।

ইত্তেফাক/এসএস