প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন যুব সম্মেলন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ অধিবেশন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন হয়ে চলবে ২২ জুলাই পর্যন্ত। সম্মেলনটির এ বছরের মূল প্রতিপাদ্য-সাম্যভিত্তিক সরকার ব্যবস্থার পথে: অন্তর্ভুক্তিমূলক পৃথিবীর জন্য তথ্য নির্ভর রূপান্তরকল্প।
চার দিনের এই সম্মেলনে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের পাশাপাশি বহির্বিশ্ব হতে আগত পাঁচ শত অংশগ্রহণকারীদের আলোচনা ও বিতর্কে মুখরিত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিশেষভাবে জটিল বৈশ্বিক সমস্যাগুলি সম্পর্কে আলোচনা, বিতর্ক ও পরামর্শ করবে।
গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২২ এ বাংলাদেশে সর্বপ্রথম ইকুইটি পলিসি অন্তর্ভুক্ত করা হয় ও ২০২৩ সালে যা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। রবিবার (৯ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ডিউমুনা প্রেসিডেন্ট ফারিহা ফাইয়াজ ১২টি কমিটির কথা উল্লেখ করেন, যেখানে ৫টি কমিটি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। এই পাঁচটি কমিটির নাম হলো, ইউনাইটেড নেশনস গার্লস এডুকেশন ইনিশিয়েটিভ (ইউএনজিইআই), জি টুয়েন্টি লিডারস সামিট, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল টেরোরিজম কমিটি (ইউএনএসসিটিসি), ইউনাইটেড নেশনস স্ট্যাটিসটিক্যাল কমিশন (ইউএনএসসি), এক্সিকিউটিভ কমিটি অফ দা ন্যাশনাল ইকনোমিক কাউন্সিল (একনেক)। প্রতিদ্বন্দ্বিতামূলক কমিটিগুলোর পাশাপাশি একমাত্র অপ্রতিদ্বন্দ্বিতামূলক কমিটি হিসেবে আছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ইন্টারন্যাশনাল অরগানাইজেশান (ইউএনসিআইও)। জি টুয়েন্টির লিডার্স সামিটে বাংলাদেশের ছায়া জাতিসংঘের সার্কিটে প্রথমবারের মতো এসেছে ডাবল ডেলিগেশন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিইউমুনার সভাপতি ফারিহা ফাইয়াজ, সাধারণ সম্পাদক সাদিয়া বিনতে জামান, সহসভাপতি তাসনিয়া নাজমী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম নাহিয়ান ইসলাম এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আসিফুজ্জামান।

ইবির হলে গ্রিল কেটে চুরির অভিযোগ
অধ্যাপক তাহের হত্যা মামলার আসামি বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত